ওঙ্কার ডেস্ক: যে কোনও প্রার্থীকে ভোট দিলেই তা গিয়ে পড়ছে বিজেপি প্রার্থীর নামে! এমন অভিযোগ ঘিরে শোরগোল মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার একটি বুথে। ভোটারদের এই অভিযোগ সামনে আসার পর বন্ধ রাখা হয় ভোটগ্রহণ। তবে নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে জানিয়েছে, এই দাবি ভিত্তিহীন।
অভিযোগ, বড়ঞা বিধানসভা এলাকার গোদাপাড়া ১৮৬ নম্বর বুথে এই ভোট বিভ্রাট হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী। জোড়াফুল শিবিরের এই কেন্দ্রের প্রার্থী প্রতিমা রজক বিষয়টি নিয়ে বলেন, ইভিএম মেশিনের ৪ নম্বর বোতামে বিজেপি প্রার্থীর নাম রয়েছে। বৃহস্পতিবার সকালে একাধিক ভোটার অভিযোগ করেন, কোনও দলের প্রার্থীকে ভোট দিলেই তা গিয়ে পড়ছে বিজেপি প্রার্থীর নামে। তাঁর দাবি, যখন মকপোল হয় তখন মেশিন এবং ভিভিপ্যাট সঠিক ভাবে কাজ করেছিল। কিন্তু ভোট শুরুর কিছুক্ষণ পর থেকেই এই ঘটনা ঘটতে শুরু করে। যদিও বড়ঞার নির্বাচনী পর্যবেক্ষক উজ্জ্বল সিংহ বলেন, ‘এ ধরনের ঘটনা অসম্ভব। তার পরেও অভিযোগ খতিয়ে দেখা হবে। সেখানে ভোটদান এখন স্বাভাবিক আছে।’ পরে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান। তাঁরা সেখানে গিয়ে ইভিএম মেশিন, ভিপিপ্যাট পরীক্ষা করেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার এই নির্বাচন ঘিরে বেশ কিছু কেন্দ্রে গোলমালের খবর পাওয়া গিয়েছে। কোথাও তৃণমূল অভিযোগ করেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, বাহিনীর জওয়ানরা ভোটারদের ধমকাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কোথাও আবার সিপিএম অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে। শিলিগুড়ির এক বুথে জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকে গিয়েছে বলে দাবি সিপিএমের।