ছায়া
তাপস মহাপাত্র
সুজয় কোনো বিশেষ ব্যক্তি ছিল না
তবু কখনো সখনো তার পাশে এসে বসতাম।
সে একটা অদ্ভুদ যাদু জানতো !
পাতা পাথর জীব নির্জীব থেকে
নারী পুরুষ আলাদা করে দিতে পারতো।
কেন সে এটা করতো, কী ভাবে করতো
তা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না।
যখন সে ভাগাভাগি থেকে পুরুষদের তুলে নিয়ে যেত,
আমি তখন পড়ে থাকা নারীদের রান্নাবাটি দেখতাম।
ওরা আপ্যায়ন করতো বটে
কিন্ত আমার যে অন্নপূর্ণা হোটেল বাঁধা।
পেট পুরে এসে বসতাম তাদের পাশে,
ওরা ভ্রু কুঁচকাতো
ঠাট্টা করতো
না না রকম ফাঁদ পাততো….
কিন্তু আমাকে বারবার বাঁচিয়ে দিত অন্নপূর্ণা হোটেল।
ওদের রান্নাবাটি খেলা দেখতে দেখতে আমার বাজার করার শখ জাগলো।
বাজার দেখতে দেখতে চাষ করার ইচ্ছে হল….
বুঝলাম, ইচ্ছেই মানুষকে স্বপ্ন দেখায় !
একদিন দেখি, স্বপ্নে আমি ওদের পাশে এসে বসেছি।
ওমনি যারা এতদিন রান্নাবাটি খেলছিল
তারা আস্তে আস্তে আবার পাতা পাথর জীব নির্জীব হয়ে যাচ্ছে।
সুজয় কী জানতো, তার ইন্দ্রজালের কোনো লিঙ্গ ছিল না !