অর্পিতা মুখার্জী, কলকাতা: দীপাবলিতে এবার ঠিকানা বস্তার। মাওবাদীদের একসময়ের দুর্গে দাঁড়িয়ে জওয়ানদের সঙ্গে আলোর উৎসব পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেই সোশাল মিডিয়ায় এই সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সাহসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে বস্তারের উদ্দেশে রওনা দিলেন তিনি।
গত মে মাসেই কেন্দ্রীয় সরকারের তরফে বস্তার এলাকাকে সম্পূর্ণ নকশালমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের ৩১ মার্চের ঘোষণা অনুযায়ী, দীর্ঘদিনের নকশাল সমস্যার স্থায়ী অবসান ঘটেছে। চার দশকেরও বেশি সময় ধরে যে এলাকা মাওবাদীদের কবজায় ছিল, সেখানে এখন উন্নয়নের কাজ শুরু হয়েছে। একসময় যেখানে মাওবাদের দাপট ছিল, আজ সেখানে উন্নয়নের জোয়ার বইছে বলে লিখেছেন প্রধানমন্ত্রী। দেশের প্রতি আত্মত্যাগ, নিঃস্বার্থ পরিষেবা আর অটল নিষ্ঠার জন্য বীর জওয়ানদের কুর্নিশ জানাতেই সেখানে যাচ্ছেন তিনি।
২০১ কোবরা ব্যাটেলিয়নের মেইন অফিস করণপুরে। সেখানেই যাবেন প্রধানমন্ত্রী। মাওবাদী দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কোবরা। ইতিমধ্যেই তাঁর আসার জন্য তোড়জোড় শুরু হয়েছে।
চলতি বছরের মার্চ মাসেই দেশ থেকে নকশাল দমনে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। গত দেড় থেকে দুই বছরে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে শতাধিক মাওবাদী এনকাউন্টারে নিহত হয়েছে। খতম হয়েছে একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বও। পাশাপাশি, মূলস্রোতে ফিরে এসেছেন কয়েকশো মাওবাদী ক্যাডার। কিছুদিন আগেই ছত্তিশগড়ের মহিলা মাওবাদীরা অস্ত্র ছেড়ে শাড়ি পরে র্যাম্পে হেঁটে সমাজের মূলস্রোতে ফেরার বার্তা দিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সুপরিকল্পিত অপারেশন আর কূটনৈতিক পদক্ষেপের ফলেই বস্তারের মতো দুর্গম এলাকায় আজ শান্তি ফিরে এসেছে বলে জানিয়েছে কেন্দ্র।
সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপনের দীর্ঘদিনের ঐতিহ্য এবছরও বজায় রাখলেন প্রধানমন্ত্রী। দীপাবলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশের অন্নদাতা, সৈনিক এবং প্রতিটি নাগরিকের হাত ধরেই দেশ এগিয়ে চলেছে। একই সঙ্গে তিনি দেশের ক্রমবর্ধমান আত্মনির্ভরতা, আন্তর্জাতিক প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের ভূমিকা এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের বিশ্বজোড়া চাহিদার কথা তুলে ধরেন। দেশীয় উৎপাদন এবং স্টার্টআপ সংস্কৃতির হাত ধরে ভারতের প্রতিরক্ষা রফতানি ৩০ গুণেরও বেশি বেড়েছে বলে জানান তিনি।