একদিন সময়ের কাছে যাব
শান্তনু প্রধান
কোনো এক শীতের সকালে সময়ের কাছে যাব
যে-সকাল এখনও আসেনি, অথচ কতদিন ধরে তার অপেক্ষায় আছি
বলব— এতদিন কোথায় ছিলে ? কেন আমাকে টেনে নিয়ে গেলে এত দূর
কেন আমার ছেলেবেলাটা দাঁড়িয়ে রইলো পুরোনো বাড়ির উঠোনে
কেন প্রথম ভালোবাসার মুখটাকে মুছে দিলে বৃষ্টির জলের মতো
কেন আমাকে কাছে এনে আবার দূরে সরিয়ে দিলে—
কেউ কোনো উত্তর দেবে না জানি, শুধু একটা পাতা ঝরে পড়বে বৃষ্টির ফোঁটার উপর
আর তখন — উত্তর বলে আসলে কিছু নেই
আমরাই প্রশ্নগুলোকে বাঁচিয়ে রাখি।
যে মানুষটা সারাজীবন বিদিশার অন্ধকারে সুখ খুঁজে বেড়াল
সে হয়তো জানত না— সুখ কোনোদিন সামনে দাঁড়ায় না
পিছন ফিরে তাকালে শুধু ধুলদের ফিসফাস শোনা যায়
একবার ভাবতাম, জীবন মানে সামনে এগিয়ে যাওয়া—
এখন দেখি, সামনে বলে কিছু নেই, শুধু পরিবর্তনের দৃশ্য আছে।
আছে কিছু ইতিহাস
একটা মুখের জায়গায় আরেকটা মুখ আসে
একটা ঘরের জায়গায় অন্য ঘর
একটা স্বপ্ন ভেঙে গেলে তার কাচের টুকরোগুলোতেই
আরেকটা স্বপ্নের মুখ দেখা যায়—
আমরা তাই বারবার ভাঙি বারবার জোড়া লাগাই।
আমারও কত কথা ছিল — কাউকে বলা হয়নি
কত কান্না ছিল— চোখ পর্যন্ত পৌঁছয়নি
কত ভালোবাসা ছিল— মানুষের কাছে গিয়ে ফিরে এসেছে।
এখন তারা সবাই আমার ভিতরে কথা বলে
রাত হলে নিঃশব্দে যাবতীয় বন্ধন খুলে বেরিয়ে পড়ে—
কেউ আমার পাশে বসে, কেউ আবার আমাকে ডাকে চৈতন্যের মতো
কেউ শুধু তাকিয়ে থাকে, যেন আমি নই—
আমার ভিতরে হারিয়ে যাওয়া আরেকজন মানুষ।
কেন জানিনা তখন মনে হয়, মানুষ কি সত্যিই একা?
নাকি তার সঙ্গে সারাজীবন হেঁটে চলে তার ফেলে আসা না-বলা কথাগুলো
তার ভুলগুলো, তার অপরাধ, তার অসমাপ্ত স্বপ্ন?
যদি তাই হয়, তবে মৃত্যুও কি একা যাওয়া—
নাকি সমস্ত জীবনকে কাঁধে নিয়ে
অন্ধকারের অন্য পারে পৌঁছে যাওয়া?
একদিন সময়ের কাছে যাব আমি, কোনো এক শীতের সকালে
তখন আমার হাতে হয়তো কিছুই থাকবে না—
না কোনো জয়, না কোনো পরাজয়, না কোনো পরিচয়ের ভার।
শুধু দেখব, যে-জীবনটাকে এতদিন নিজের বলে ভেবেছি
সে আসলে আমার মধ্য দিয়ে হেঁটে যাওয়া এক অচেনা পথ।
আমি পথ নই, পথিকও নই কিংবা কোনো জল
শুধু পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি মুহূর্ত
যার ভিতর দিয়ে অনন্তকাল চলে যায়।
সেদিন আর সময়কে কিছু জিজ্ঞাসা করব না।
চুপ করে তার পাশে বসে থাকব—
শেষ পর্যন্ত দেখব
জীবনকে বোঝার জন্য আমাদের এতদিন যে জীবনটাই পাগল হলো
সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় অজ্ঞতা।
একদিন খুব ভোরে, হয়তো হঠাৎ মনে হবে—
কোথাও যাওয়ার ছিল না আমার, ফিরে আসারও ছিল না
আমি শুধু এতদিন ধরে নিজের ভিতর থেকে নিজের কাছেই আসছিলাম।