মৃত সূর্যের কাছে একটি চিঠি
তৌফিক জহুর
বালক, তুমি কি দেখেছ, একদিন পৃথিবীর সমস্ত নদী নিজেদের নাম ভুলে গিয়ে একটি মৃত পাখির ঠোঁটে জল খুঁজেছিল ? দিনটি ছিল বৃহস্পতিবার…
সেদিন আকাশের পকেটে রক্তমাখা কয়েকটি বিকেল পাওয়া গিয়েছিল, আর একটি ভাঙা ঘড়ি সময়ের গলা টিপে ধরে বলেছিল, এখন থেকে পৃথিবীতে কোনো গতকাল নেই
আমি দেখেছি, একটি শিশু তার বাবার কবর খুঁড়ে বের করে আনছে একজোড়া নতুন জুতা; জুতার ভেতর তখনো বাবার পায়ের ঘাম, আর ঘামের ভেতর বেঁচে উঠছে একটি অনাগত দেশের মানচিত্র
বালক, তুমি কি জানো, যে মেয়েটি একদিন বৃষ্টির কাছে তার হারিয়ে যাওয়া প্রেমিকের ঠিকানা চেয়েছিল, আজ তার চুলে বাসা বেঁধেছে সাতটি নদী; মাঝরাতে সে চুল আঁচড়ালে জল উঠে আসে মৃত শহরের জানালায়, জানালার ওপাশে দাঁড়িয়ে একটি অন্ধ সূর্য তার নাম ধরে কাঁদে
আমার বুকের মধ্যে একটি স্টেশন, সেখানে কোনো ট্রেন আসে না, শুধু মৃত মানুষেরা টিকিট কেটে ফিরে যায় তাদের অনাগত জন্মে। একজন বৃদ্ধ কবি প্রতিদিন সেখানে নিজের ছায়ার কাছে কবিতা বিক্রি করেন; কবিতার বিনিময়ে তিনি সওদা করেন একমুঠো অন্ধকার, যা দিয়ে তিনি পৃথিবীর শেষ প্রদীপটি জ্বালান
বালক, এবার চোখ বন্ধ করো। দেখবে, তোমার চোখের ভেতর একটি সমুদ্র উল্টো দিকে হাঁটছে, মাছেরা ডাঙায় বসে লিখছে মানুষের ইতিহাস, স্রষ্টার পরিত্যক্ত আয়নায় মানুষ খুঁজে পাচ্ছে নিজের মুখ
হঠাৎ একটি পাখি উড়ে যাবে, তার ডানায় লেখা থাকবে তোমার নাম। তুমি তাকে ডাকবে, সে ফিরে আসবে না; শুধু তোমার ঘরের দরজায় একটি সবুজ গাছ জন্ম নেবে, যার প্রতিটি পাতায় ঝুলে থাকবে একটি করে অনাথ নক্ষত্র
তখন বুঝবে, বালক, মৃত্যু কোনো শেষ দরজা নয়, ওপাশে দাঁড়িয়ে আছে আরেকটি পৃথিবী, যেখানে মানুষ আর মানুষকে হত্যা করে না, কবিরা আর শব্দের কাছে পরাজিত হয় না, প্রতিটি অনুপস্থিত মানুষ নিজের ছায়া হাতে নিয়ে ফিরে আসে জীবনের কাছে
শুধু সূর্যটি ফিরে আসে না
সে এখনো বসে আছে ইতিহাসের পোড়া বারান্দায়, নিজের ছাই দিয়ে লিখছে একটি অনন্ত প্রশ্ন
হে মানুষ, তুমি বলতে পারো
তোমার ভেতরে কতখানি পৃথিবী মৃত হয়ে গেলে তুমি নিজেকে জীবিত বলবে ?