বৃক্ষমানব
দীপক বন্দ্যোপাধ্যায়
আমি এক সবুজ গাছ হতে চাই—
নিজেকে খুঁজছি তাই,
অনবরত খুঁজে চলেছি এই ভিড়ের মাঝে।
যেদিন সত্যিই নিজেকে খুঁজে পাব,
সার্থক হবে এই মানবজীবন।
সেদিন আমি বুক ভরে শ্বাস নিয়ে ঈশ্বরকে বলব—
“হে বিধাতা, জন্ম-জন্মান্তর যদি থাকে,
তবে পরজন্মে তুমি আমাকে ‘গাছ’ করো…
একটি সতেজ সবুজ গাছ!”
আজ দেশে দেশে মানুষের ছায়ার প্রয়োজন,
একটু সুশীতল আশ্রয়ের প্রয়োজন।
চারপাশে স্বার্থপরতার যে বিষাক্ত বাতাস,
সেখানে বড় প্রয়োজন একচিলতে বিশুদ্ধ নিঃশ্বাস।
আমি গাছ হয়ে দাঁড়িয়ে থাকব পথের ধারে।
আমার নিজস্ব ঘরের মোহ থাকবে না,
থাকবে না কোনো পাওয়ার আকাঙ্ক্ষা।
আমার পাতা, ফুল, ফল আর সুশীতল ছায়া—
সবকিছু অকাতরে সঁপে দেব পৃথিবীর চরণে।
সবার মঙ্গলে বিলীন হওয়ার নামই তো ‘সবুজ গাছ’।
আমি সেই সবুজ হয়েই বেঁচে থাকতে চাই,
পরম শান্তিতে,
কোনো প্রতিদানের আশা না করে।