মহা – আলয়
প্রদীপ গুপ্ত
পৃথিবীর যতকিছু আয়োজন সব আমারই জন্য।
এই সাতরঙা রোদ, এই শটিবনে আলো আঁধারের খেলা,
এই শরৎ, কে যেন নূপুরের ছন্দে পায়ের ছাপ রেখে যায়
শিউলির বনে, শিশিরে ভেজা ঘাসের কার্পেটে
এ সবই তো আমারই জন্য রচনা করা।
তুমি অলক্ষ্য থেকে এভাবেই তো প্রকট হও
এভাবেই তো পরখ করো আমাকে।
আমি জানি, এ সব উপাচার, এ অর্ঘ্য এ নৈবদ্য
তোমারই রচনা অমৃতা
আমিও ছল করি, ভালোবাসার ছল
তর্পণের ছলে সমর্পণ করি আমার হৃদয়
আমার যাবতীয় কিছু — তিল, তুলসী আর চোখের জল
অর্পণ করি তোমারই উদ্দেশে
তুমি ভোর হয়ে আসো
আমি ভগীরথ হয়ে মনের মধ্যে পবিত্র গঙ্গাকে নিয়ে আসি।
উচ্চারণ করি বাসুরূপন্ত ত্রিন্যতা দিদম, তিলোকদম গঙ্গা জলে, তস্মৈ স্বধা নমঃ তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ।