শূন্যতার রামধনু
ড. দ্যুতি দত্ত গুপ্ত
নিভৃতে এসেছে যে জন, সংগোপনই হোক তার আবরণ।
যেতে চাওয়ার আবদারে, চলে যাওয়ার প্রতি পলে,
সন্তর্পনই হোক তার আশ্রয়।
চিরকালীন অপরিণত আমি,
পাওয়া না পাওয়ার হিসাব – নিকাশে অনুভব করলাম,
জিতে গেছি এই প্রথম বার।
যে চলে গেল,
সে ফেলে যাওয়া পথে,
ছড়িয়ে ছিটিয়ে রেখে গেল তার সবটুকু ।
নিতে যখন পারেনি কিছুই,
আঁজলা ভরে তবে কি নিলো সে?
একাকিত্ব? হবে হয়তো তাই…!
নিঃসঙ্গতা দিতে চেয়ে ‘আপন’কে ‘পর ‘ করলো যে জন,
সে কখনো দেখতেই পেলো না,
আজ আমার কোল জুড়ে শুধুই “শূন্যতার রামধনু”।