মহুয়া গাঙ্গুলীর দুটি কবিতা
১.
সেদিন কফিহাউসে….
পথগুলো আঁকড়ে ধরতেই আন্তরিকতার মোরামে আলো খুঁজি,
হয়তো পিচ্ছিল কিছু শব্দের মধ্যেই বেঁধে ফেলি নিজেকে,
পরক্ষণেই পরোখ করা এমনই এক বিপন্নতায়,
মনগুলো হয় দিকবিদিক, পথিক হয় মন,
অতিথি সময় হয় অসহায়।
খানিক থেমে ভিড় করে তারা আশেপাশের স্মৃতির ফ্রেম, জুড়ে থাকা সেদিনের দেওয়াল,
কড়া নাড়ে আর বলে ফেলে মন,
দেখোতো মনে পড়ে কিনা আমায়!
সেদিনের কফিহাউজে..
২.
নিঃশর্ত বিশ্বাসে
শর্তবৃষ্টি !
ভাবনারা মিলেমিশেই ,
আড়াল টপকানো লালসাদের বিক্ষোভ।
পিছলে যাওয়া সব শর্তগুলো ইচ্ছাগুলো ধরে এগোতে চেয়েছে বরাবর।
আঁধারে দেখো কত শত জোনাকির ভিড় ;
আঘাতগুলো মেঘেদের গল্পের খেই ধরে
রাতটুকু গুনে প্রহরের পর প্রহর
ক্ষতগুলো নিয়ে ফেলে সেদিনই শপথ।
বৃষ্টি সংলাপী হয় বলেই মেঘেরা কখনও নিঁখোজ….!
ভিজুক চোখেদের গল্প ,
ফুরোনোর অপেক্ষাগুলো আশাহত হয়েও
সংবাদ শিরোনাম দেখে নিশ্চিন্ত ভোর।