কবিতা উৎসবে কলরব
সুমিতা মুখোপাধ্যায়
জ্বরের কপাল ছুঁয়েছিলো চাঁদ
কাল মাঝরাতে
বুকের ভিতর তুমুল কলরব
জ্বরে, বিস্বাদে, সাধ যায় আকন্দের ফুল,
জ্বরের ভিতরে তুলো হয়ে উড়ে যায় –
মৃতিময় দুঃখময় ছন্ন ছোটবেলা,
বসন্তে আর ধরে না হলুদ –
বিশাল পাথর থেকে খুলে পড়ে বাড়তি খন্ডের মত-
সময়ের কঠিন তক্ষণে!
বৃষ্টিতরু জাগে একাকী
নিয়তির মতো জাগে রাত
অনাবাদী মাঠ আর শূন্য বিলের থেকে
উঠে আসে একেকটা দীর্ঘ শ্বাস
আমরা ও বুঝে যাই ঠিক
কম বেশি সকলেই অসহায় আজ –
রোদ্দুরে কেবল আজ রোদ্দুর রয়েছে,
চন্ডাল আকাশে বেঁধে শাখাদের লক্ষ নখ
আকাশের নখর ফুঁড়ে ঝুলে আছে ছালওঠা সারি সারি মৃত গাছ,
আর আছে ঝুলে ছাড়ানো পাঁঠার মত সারি সারি ফাঁসি দেওয়া শটিত উত্তাপে।
জ্যান্ত তারাদের আলো নিভে গেলে
অগণিত মৃত কথাদের শব জমা হয়
বিছনা জুড়ে ছাই
উৎসব হাসি ফিকে হয়ে আসে
অতল এ অন্ধকারে কী তীব্র রূপটান
তবু সহজেই বুঝে যাই ঠিক
কম বেশি সকলেই অসহায় আজ।